ঢাবির জগন্নাথ হলে সরস্বতী পূজা: গিনেস রেকর্ডের লক্ষ্যে উদ্যোগ
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য সরস্বতী পূজাকে আন্তর্জাতিক স্বীকৃতির আওতায় আনতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্তির জন্য আবেদন করা হয়েছে। ২০২৬ সালের পূজায় ৭৬টি মণ্ডপ স্থাপনের পরিকল্পনা নিয়ে এশিয়া তথা বিশ্বের বৃহত্তম একক সরস্বতী পূজা হিসেবে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জগন্নাথ হল সূত্রে জানা গেছে, প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই পূজা এক মহামিলনমেলায় পরিণত হয়। রঙ-বেরঙের সজ্জা, শিল্পনির্ভর মণ্ডপ ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি বৃহৎ সাংস্কৃতিক উৎসবে রূপ নেয়।
এবারের আয়োজনে ৭৬টি পূজা মণ্ডপ স্থাপনের মাধ্যমে একটি নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য ও প্রামাণ্য দলিল জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূজার প্রতিটি মণ্ডপের নকশা, আয়তন, অংশগ্রহণকারীর সংখ্যা এবং সার্বিক আয়োজনের তথ্য সংরক্ষণ করা হবে, যা রেকর্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, জগন্নাথ হলের সরস্বতী পূজা দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম বৃহৎ ও আকর্ষণীয় ধর্মীয়-সাংস্কৃতিক আয়োজন হিসেবে পরিচিত। প্রতি বছর হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখরিত থাকে পুরো হল প্রাঙ্গণ। এবার গিনেস রেকর্ডের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগ পূজার আয়োজনকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







%20.png)
No comments: