দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্ত গৌতম সমাদ্দার, বানারীপাড়ায় স্বস্তি
নিজস্ব প্রতিনিধি
বানারীপাড়া, বরিশাল
দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা গৌতম সমাদ্দার। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।
গৌতম সমাদ্দার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বানারীপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানের সাধারণ সম্পাদক এবং বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতা প্রতিষ্ঠিত বানারীপাড়া কেন্দ্রীয় সর্বজনীন মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবেও যুক্ত আছেন। এছাড়া তিনি ৪ নম্বর ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তার মুক্তির খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা তার মুক্তিকে স্বাগত জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, গৌতম সমাদ্দার দীর্ঘদিন ধরে বানারীপাড়ায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মন্দির উন্নয়ন, মহাশ্মশানের কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য তিনি এলাকায় পরিচিত।
তার গ্রেফতারের সময়ও স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং অনেকেই তার মুক্তির দাবি জানিয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, তিনি বিগত সময়ে পরিচালিত এক অভিযানে গ্রেফতার হন। দীর্ঘদিন কারাভোগের পর আদালত থেকে জামিন পাওয়ার পর আজ তিনি কারামুক্ত হন।
গৌতম সমাদ্দারের মুক্তিতে তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



%20.png)
No comments: