মব করে কিছু করা যাবে না, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বিএসএস)-এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদকে ঘিরে সম্প্রতি ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ‘মব’ করে কোনো ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা একটি সরকারি প্রতিষ্ঠান এবং এখানে নিয়োগের জন্য নির্ধারিত নীতিমালা ও প্রক্রিয়া রয়েছে। সেই নিয়ম অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন হাতে তুলে নিয়ে ‘মব’ সৃষ্টির মাধ্যমে চাপ প্রয়োগ করতে পারবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, আইন ও বিধিমালার বাইরে কোনো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে চাকরিচ্যুত করার বিষয়টিও সরকারের নজরে এসেছে। যদিও এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিষয়, তারপরও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে পড়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার একটি প্রতিহিংসামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই পরিচালিত হচ্ছে এবং জাতীয় সংসদে শপথ গ্রহণসহ সব কার্যক্রম সংবিধানের নির্দেশিত পথ অনুসরণ করেই সম্পন্ন হয়েছে।
তিনি পুনর্ব্যক্ত করেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।



%20.png)
No comments: