রাজশাহীতে শিব মন্দিরের গেট বন্ধ করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে সনাতনী সম্প্রদায়
স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার হড়গ্রাম বাজার সংলগ্ন রাজশাহী কোর্ট প্রাঙ্গণে অবস্থিত ঐতিহ্যবাহী একটি শিব মন্দিরের গেট বন্ধ করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রকাশ্যে এই নির্মাণ কার্যক্রম চলতে থাকায় স্থানীয় সনাতনী সম্প্রদায় ও সচেতন নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হড়গ্রাম বাজার এলাকায় অবস্থিত ‘ছোট শিব মন্দির’টির প্রবেশপথ ঘিরে কিছুদিন ধরে দোকান নির্মাণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এই নির্মাণের ফলে মন্দিরে যাতায়াতের একমাত্র পথ কার্যত বন্ধ হয়ে গেছে, ফলে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্দির দখলের অভিযোগ উঠে আসে। তখন সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখা হলেও পরবর্তীতে আবারও কাজ শুরু হয় এবং বর্তমানে সেখানে স্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, এই অবৈধ নির্মাণ কার্যক্রমের নির্দেশনায় রয়েছেন হারেজ খান (পিতা: মৃত বদর আলী খান), যার স্থায়ী ঠিকানা মুন্সিপাড়া (মসজিদের পাশে), পোস্ট: রাজশাহী কোর্ট, থানা: রাজপাড়া। বর্তমানে তিনি কাশিয়াডাঙ্গা এলাকায় বসবাস করছেন। স্থানীয়দের দাবি, পূর্বে প্রশাসনের কাছে মন্দিরের যাতায়াত পথ খোলা রাখার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ ঘটনাকে ধর্মীয় স্থাপনার ওপর সরাসরি হস্তক্ষেপ ও দখল প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তারা অবিলম্বে অবৈধ দোকান অপসারণ, মন্দিরের গেট ও যাতায়াত পথ পুনরুদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সচেতন নাগরিকদের মতে, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের দখল ও অবৈধ নির্মাণের ঘটনা আরও বাড়তে পারে। তারা এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান হস্তক্ষেপ ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



%20.png)
No comments: